নাটোর শহরে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) ভোর ৪টার দিকে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নাটোর সদর থানার ওসি মো. মনসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পাশাপাশি এ ঘটনার প্রতিবাদে আজ বেলা সাড়ে ১১টার দিকে শহরে যুবদল ও ছাত্রদলের নেতা–কর্মীরা মিছিল করেন। মিছিল শেষ হওয়ার কিছুক্ষণ পর নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এদিকে নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আক্তার হামিদ খান বলেন, সরকারি নম্বরে স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার খবর আসে। তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই টহলরত পুলিশের মাধ্যমে জানতে পারেন, আগুন নিভে গেছে। এ কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের আর সেখানে যেতে হয়নি।
ওসি মো. মনসুর রহমান বলেন, রাতে পুলিশের টহল চলছিল। আগুন দেওয়ার পর জড়িতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিষয়টি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান ওসি।
এদিকে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন লাগানোর প্রতিবাদে আজ বেলা সাড়ে ১১টার দিকে শহরের ভবানীগঞ্জ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে যুবদল ও ছাত্রদল। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা পরিকল্পিতভাবে অগ্নিসন্ত্রাস চলাচ্ছেন। তাদের সম্মিলিতভাবে রুখে দিতে হবে।
এর আগে, গতকাল মধ্যরাতে নাটোর-বগুড়া মহাসড়কের বারুইহাটি এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নাটোর জেলা সভাপতি রিয়াজুল ইসলামের নেতৃত্বে একটি মশাল মিছিল হয়। পরে আজ দুপুর পৌনে ১২টার দিকে শহরের হরিশপুরে রিয়াজুলের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী–সমর্থকেরা এই ভাঙচুর চালান বলে অভিযোগ উঠেছে।
তবে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ এ অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, আগুনসন্ত্রাসীদের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে সাধারণ মানুষ এ ঘটনা ঘটাতে পারে।
এ বিষয়ে ওসি মনসুর রহমান জানান, কারও বাড়িঘর ভাঙচুরের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।
