সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট ও প্রচার-প্রচারণা চালানোর অভিযোগে পাবনার সাঁথিয়ায় রাশিদুল হাসান নামের এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সাঁথিয়া পৌরসভার ইতালি মার্কেটে নিজস্ব চেম্বার থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
জানা যায়, রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মেডিসিন ও হৃদ্রোগ বিশেষজ্ঞ রাশিদুল হাসান। প্রতি শুক্রবার ঢাকা থেকে সাঁথিয়ায় এসে রোগী দেখতেন তিনি।
এদিকে সাঁথিয়া থানা-পুলিশ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রাশিদুলকে গ্রেপ্তারের পর এদিন রাতেই পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে পাঠায়। পরে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাকে।
এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, রাশিদুল হাসান একজন সরকারি চাকরিজীবী এবং (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগপন্থী চিকিৎসক হিসেবে পরিচিত। তিনি নিয়মিত ফেসবুকে সরকারবিরোধী পোস্ট ও প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে এ ধরনের প্রচার চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ওসি উল্লেখ করেন, সাঁথিয়া থানায় দায়ের হওয়া একটি সন্ত্রাসবিরোধী মামলায় ওই চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর রাতেই তাকে জেলা ডিবি কার্যালয়ে পাঠানো হয়।
পরে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে তাকে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
