সরকারের জনমুখী কর্মকাণ্ড সংবাদমাধ্যমে যথাযথভাবে প্রচার হচ্ছে না বলে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শুধু প্রশাসনে নয়, গণমাধ্যমেও দোসরের লোকরা বসে দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি বলেন, আগুন-সন্ত্রাস, রক্তপাত ও হত্যার মধ্যেও সরকার যে সহ্যক্ষমতা দেখাচ্ছে এবং সামগ্রিক পরিস্থিতিকে অত্যন্ত শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক ও মানবাধিকারের নীতিমালাকে অনুসরণ করে যত সুন্দরভাবে এই পরিস্থিতিকে মোকাবিলা করছেন, এটা কিন্তু আমাদের গণমাধ্যমে ঠিক ঐ ভাবে প্রকাশ হচ্ছে না।
পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে বাংলাদেশের রপ্তানি আদেশ অন্য দেশে চলে যাচ্ছে—এমন প্রচারণাকে ‘পরিকল্পিত অপপ্রচার’ বলে অভিহিত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা ও ন্যূনতম মজুরির বিষয়ে সরকার দ্রুত ব্যবস্থা নেওয়ার পরও দেশের ব্যবসা-বাণিজ্য অন্যত্র চলে যাচ্ছে বলে প্রচার করা হচ্ছে। এটি সরকারের বিরুদ্ধে সুপরিকল্পিত প্রচারণার অংশ।
গতকাল শনিবার ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিজয় দিবস উপলক্ষ্যে আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন রিজভী। তিনি জানান, ঐ দিন দুপুর ১২টার মধ্যে নেতাকর্মীদের সমাবেশস্থলে উপস্থিত হতে হবে। বেলা ২টায় সমাবেশ শুরু হয়ে মাগরিবের আগেই শেষ হবে। রিজভী বলেন, এই বিজয় দিবস আমাদের উদ্বুদ্ধ করবে, আমাদেরকে অনুপ্রাণিত করবে, আমাদেরকে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার খুব শক্তিশালী অঙ্গীকার তৈরি করবে।
দেশের বিভিন্ন স্থানে আগুন ও সহিংসতার ঘটনা সংবাদমাধ্যমে এলেও পরিস্থিতি মোকাবিলায় সরকারের ভূমিকা যথাযথভাবে আসছে না বলে অভিযোগ করেন রিজভী। বিএনপি নেতারা আত্মগোপনে থাকা অবস্থাতেও তাদের বক্তব্য অনেক সাংবাদিক প্রকাশ করেছেন মন্তব্য করে তিনি বলেন, গণমাধ্যমেরই অনেক সাংবাদিক গত ফ্যাসিস্ট আমলে আমাদেরকে সহায় থেকেছেন। আত্মগোপনে থাকা অবস্থায় আমাদের খবরগুলো ওই নিপীড়ন-নির্যাতনের মধ্যে, তখনও তারা আমাদের কথাগুলো বলেছেন। তারা এই চেষ্টা করেছেন। তবে সংবাদমাধ্যমে ‘দোসররা ঘাপটি মেরে আছে’ অভিযোগ করে তিনি বলেন, কিন্তু ভেতরে ঘাপটি মেরে থাকা দোসররা কিন্তু বসে নেই।
তথ্য-উপাত্ত যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে বিএনপি নেতা রিজভী বলেন, আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব আপনারা আসল তথ্য-উপাত্ত নিয়ে আপনারা এই নিউজগুলো করবেন। একটি জাতিকে মানে কোনোভাবেই যাতে সে খাটো না হয়। তার যে অঙ্গীকারগুলো কীভাবে বাস্তবায়িত হচ্ছে, সেটা আপনারা তুলে ধরবেন।
সংবাদমাধ্যমের দায়িত্বশীল আচরণ আশা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যত বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশিত হবে, প্রচারিত হবে, গণমাধ্যম যত শক্তিশালী হবে, গণতন্ত্রও তত শক্তিশালী হবে। কিন্তু অপপ্রচার গণতন্ত্রের জন্য বিপজ্জনক।
গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই যে হত্যা এবং রক্তের যে তারা আলপনা আকছেন প্রতিদিন, এই অমানবিক আলপনার মধ্যে তারা দেশকে বন্দি করে আন্তর্জাতিকভাবে তারা চিহ্নিত করতে চান যে বাংলাদেশে অস্থিতিশীলতা চলছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এ ধরনের খবর প্রচার হচ্ছে দাবি করে রিজভী বলেন, পাশের দেশ থেকে শেখ হাসিনা ও পরাজিত ফ্যাসিস্ট শক্তিগুলো দেশের অস্থিতিশীলতায় ইন্ধন দিচ্ছে।
যৌথ সভা ও সংবাদ সম্মেলনে আমানউল্লাহ আমান, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, মীর সরাফত আলী সপু, সুলতান সালাউদ্দিন টুকু, আফরোজা খানম, হাবিবুর রহমান হাবিব, আবদুস সালাম, শফিকুল ইসলাম মিল্টন, এস এম জাহাঙ্গীর, ইশরাক হোসেন, হামিদুর রহমান হামিদ, সানজিদা ইসলাম তুলিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
