মারা গেছেন শিক্ষামন্ত্রীর বড় ভাই

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৪

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বড় ভাই এটিএম রেজাউল হক রতন মারা গেছেন। রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা যায়, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। গত ৭ নভেম্বর কিডনিজনিত সমস্যা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

আগারগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছিলেন এটিএম রেজাউল হক রতন। পাশাপাশি পীরেরবাগ বায়তুন নূর জামে মসজিদের সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি। তার বাবা ছিলেন এই মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি। বাবার প্রতিষ্ঠিত ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছিলেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ বাদ জোহর রাজধানীর পীরেরবাগ বায়তুন নূর জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুর গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে নিজ পৈতৃক কবরস্থানে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে তাকে।

এদিকে বড় ভাইয়ের মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পাশাপাশি তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

ইত্তেফাক/এনটিএম