ভোলা নর্থ-৩ কূপের তিন স্তরেই গ্যাসের সন্ধান, দৈনিক মিলতে পারে ১৫ মিলিয়ন ঘনফুট

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১৬:৩৭

ভোলায় নতুন করে গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। ভোলা নর্থ-৩ কূপের তৃতীয় স্তরেও গ্যাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

রোববার (২৯ নভেম্বর) ভোরে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে অবস্থিত কূপটির তৃতীয় স্তরে পরীক্ষা শুরু করে বাপেক্স। পরীক্ষায় আগের দুটি স্তরের মতো এখানেও গ্যাসের সন্ধান পাওয়া যায়।

বাপেক্সের তথ্য অনুযায়ী, কূপটির তৃতীয় স্তর থেকে প্রতিদিন ১২ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হতে পারে। তবে কূপটিতে মোট কী পরিমাণ গ্যাসের মজুত রয়েছে, তা জানতে সব ধরনের পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এদিকে, ভোলার বোরহানউদ্দিন ও সদর উপজেলায় এখন পর্যন্ত তিনটি গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে বাপেক্স। নতুন কূপ যুক্ত হওয়ায় এসব গ্যাসক্ষেত্রে মোট কূপের সংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে।

 

ইত্তেফাক/এবিএস