আলোচিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম হত্যা মামলায় ১৫ ও ১৬ বছর বয়সী দুই কিশোর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। তবে বিচারক অনুপস্থিত থাকায় মামলার প্রাপ্তবয়স্ক দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়নি।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইয়াছিন আরাফাত এ আদেশ দেন। আগামী ১৪ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। ওই দিন মামলার প্রথম সাক্ষ্য গ্রহণের জন্যও দিন ধার্য করা হয়েছে। শুনানির সময় অপ্রতিমের বাবা ও হত্যা মামলার বাদী কে এম ফিরোজ শাহরিয়ার আদালতে উপস্থিত ছিলেন।
শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. বদিউল আলম সুজন সাংবাদিকদের বলেন, অপ্রাপ্তবয়স্ক দুই আসামি (১৫ ও ১৬ বছর বয়স) গাজীপুরের শিশু-কিশোর সংশোধনাগারে থাকায় তাদের আদালতে সশরীরে হাজির করা সম্ভব হয়নি। পরে ভার্চুয়ালি উপস্থিতির মাধ্যমে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। দুই আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ গঠন করেন আদালত। তিনি বলেন, আগামী ১৪ ডিসেম্বর মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। রাষ্ট্রপক্ষ প্রয়োজনীয় সাক্ষীদের আদালতে উপস্থাপন করবে।
শুনানি শেষে অপ্রতিমের বাবা ও মামলার বাদী কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার হচ্ছে পৃথক দুইটি আদালতে। মামলার বিচারিক কার্যক্রমের অগ্রগতিতে তিনি সন্তুষ্ট। স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য তিন মাসের মধ্যে বিচারিক কার্যক্রম শেষ করার যে আশ্বাস দিয়েছিলেন, সেই অনুযায়ী বিচারপ্রক্রিয়া এগিয়ে যাবে বলে তিনি প্রত্যাশা করেন। তিনি দেশের প্রচলিত আইনে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর বিকালে মায়ের আইফোন দিয়ে ছবি তুলতে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফেরেনি। ওই দিনই সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা। পরদিন ১৯ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অদূরে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার বাবা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। গত ২০ অক্টোবর কুমিল্লার আদালতে মামলার অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এতে গ্রেপ্তার চার আসামি সাইফুল ইসলাম ওরফে তুহিন, মোজাফ্ফর হোসেন ফাহাদ, কামরুল হাসান ও সিয়ামকে অভিযুক্ত করা হয়েছে। নিহত অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
