চাণক্যনীতির মাধ্যমে পেছন থেকে বাংলাদেশে উসকানি দিচ্ছে ভারত: রিজভী

আপডেট : ৩০ নভেম্বর ২০২৬, ০০:০১

আধিপত্যবাদের বিভিন্ন হাতিয়ার এখনো ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ‍তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরা কথিত গল্প থেকে তার অনুসারীরা বিভিন্ন স্থানে আগুন ও নাশকতা চালাচ্ছে। অন্যদিকে, প্রতিবেশী দেশের নীতিনির্ধারকেরা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার কথা বললেও বাস্তবে চাণক্যনীতির মাধ্যমে পেছন থেকে উসকানি দেওয়া হচ্ছে এবং বাংলাদেশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সাম্যবাদী দল আয়োজিত কমরেড মোহাম্মদ তোয়াহার ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশকে চিরস্থায়ী আধিপত্যের মধ্যে নিয়ে গিয়ে করদ রাজ্যে পরিণত করার প্রচেষ্টা কখনো বন্ধ হয়নি। কমরেড তোয়াহারা অনেক আগেই উপলব্ধি করেছিলেন। তিনি উল্লেখ করেন, ১৯৪৮ সালে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর মুখের ওপর দাঁড়িয়ে বাংলা ভাষার পক্ষে প্রতিবাদ জানানো সহজ বিষয় ছিল না। সেই বিরল সাহস দেখিয়েছিলেন কমরেড তোয়াহা; ডাকসুর প্রভাবশালী নেতা হিসেবে তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তান—উভয় অংশেই তার ব্যাপক জনপ্রিয়তা ছিল।

কমরেড তোহার ব্যক্তিগত ত্যাগের কথা তুলে ধরে তিনি বলেন, রামগতিতে তার বেশ বড় জমিদারি ছিল বলে শুনেছেন। কিন্তু খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী ও কৃষকদের জন্য তিনি নিজের সবকিছু উৎসর্গ করেছিলেন। পুরান ঢাকা বা গোপীবাগের দিকে তাঁর সঙ্গে দেখা করতে গিয়ে একজন মানুষের ত্যাগ ও আত্মোৎসর্গের দৃষ্টান্ত দেখার সুযোগ হয়েছিল। নিজের বিশ্বাস ও আদর্শ থেকে তিনি কখনো সরে আসেননি।

ছাত্রনেতা থাকাকালে তার সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরে রিজভী জানান, তারা ছাত্রদল করেন জানতে পেরেও কমরেড তোয়াহা তাদের স্নেহ ও আশীর্বাদ করেছিলেন । তার কথাবার্তা ও বিশ্লেষণ থেকে একজন রাজনীতিবিদের গভীর পাণ্ডিত্যের পরিচয় পেয়েছিলেন। সমাজের বিভিন্ন বিষয় নিয়ে তার বিশ্লেষণ ছিল অসাধারণ। মুরব্বিদের কাছ থেকে শুনেছেন, পবিত্র কোরআন শরিফের অনেকাংশ তার মুখস্থ ছিল।

তিনি বলেন, সাম্রাজ্যবাদ, সম্প্রসারণবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে যে স্লোগান তারা একসময় দিয়েছেন, সেগুলোর তাৎপর্য এখনো হারিয়ে যায়নি। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা তারা শিখেছেন সাম্যবাদী দলের লেখালেখি এবং ন্যাপের মাওলানা ভাসানীর বিভিন্ন বক্তব্য ও লেখার মধ্য দিয়ে।

রিজভী বলেন, মাওলানা ভাসানী ও কমরেড তোহার মধ্যে মতপার্থক্য থাকলেও তারা সবাই দেশপ্রেমিক ছিলেন। তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সার্বভৌম সত্তা রক্ষা করতে চেয়েছেন। তাদের কাজ, বক্তব্য, সংগ্রাম ও ত্যাগ আজও আমাদের অনুপ্রাণিত করে।

তিনি আরও বলেন, পূর্বসূরিদের দেওয়া শিক্ষা আত্মস্থ ও অনুশীলন করতে পারলে শত্রু-মিত্র চিহ্নিত করা সহজ হবে। একই সঙ্গে স্বাধীনতার পক্ষে আরও দৃঢ়ভাবে অবস্থান নেওয়া সম্ভব হবে।

ইত্তেফাক/এমএসআর