জাবির উন্নয়ন প্রকল্প সংস্কার দাবি

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ২১:৩৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্পের প্রথম ধাপের পাঁচটি হল নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রকল্প থেকে শাখা এবং কেন্দ্রীয় ছাত্রলীগকে দুই কোটি টাকা চাঁদা দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। এই দুর্নীতির বিচার বিভাগীয় তদন্ত ও মহাপরিকল্পনা সংস্কারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ।

গতকাল শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতাকর্মীরা ছয় দফা দাবি জানান। দাবি আদায়ের জন্য তারা তিন দিনব্যাপী কর্মসূচিও ঘোষণা দিয়েছেন। কর্মসূচির মধ্যে রয়েছে রবিবার দুপুর সাড়ে ১২টায় বিক্ষোভ মিছিল, সোমবার দিনব্যাপী গণসংযোগ, গণস্বাক্ষর সংগ্রহ এবং সন্ধ্যায় ট্রান্সপোর্ট চত্বরে পাবলিক টক এবং মঙ্গলবার সন্ধ্যা সাতটায় মশাল মিছিল।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম পাপ্পু বলেন, ‘মহাপরিকল্পনার কোনো শর্ত পূরণ করা হয়নি এই পরিকল্পনায়। স্বভাবতই এটি অপরিকল্পিত মহাপরিকল্পনা। এতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলকে ঘিরে গাদাগাদি ও প্রকৃতি ধ্বংস করে তিনটি হল নির্মাণ করা হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-স্বার্থ, প্রকৃতি ও পরিবেশ এবং স্বাভাবিক জীবনধারা। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক তারেক রেজা, দর্শন বিভাগের অধ্যাপক আনোয়ারুল্লাহ ভুঁইয়া প্রমুখ।