টি-টোয়েন্টিতে মালিঙ্গাই অধিনায়ক

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ২১:৪১

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল:

লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), নিরোশান ডিকওয়েলা, আভিস্কা ফার্নান্দো, কুসল জেনিথ পেরেরা, দানুশকা গুনাথিলাকা, কুসল মেন্ডিজ, শিহান জয়সুরিয়া, দাসুন, শানাকা, ওয়ানিন্দ্র হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া, লক্ষণ সান্দাকান, ইসুরু উদানা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, লাহিরু মাদুশঙ্কা।

ওয়ানডে থেকে অবসর নিলেও টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে টিকে গেলেন লাসিথ মালিঙ্গা। যদিও, টি-টোয়েন্টি দলে মোট ৯টি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। শেষবার অবশ্য লঙ্কানরা টি-টোয়েন্টি খেলেছিল প্রায় চার মাস আগে, গত মার্চে তিন ম্যাচের সেই সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়েছিল তারা।

আগামী এক সেপ্টেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে মালিঙ্গার দল। গতকাল ঘোষণা করা ১৫ সদস্যের দলে মালিঙ্গার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন বাঁ-হাতি ব্যাটসম্যান উইকেটরক্ষক নিরোশান ডিকওয়েলা। ইংল্যান্ড বিশ্বকাপে নিজের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরির পর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জয়ী ৮২ রান করা আভিস্কা ফার্নান্দো সংক্ষিপ্ত ভার্সনে দলে জায়গা ধরে রেখেছেন।

১৫ সদস্যের দলে বাদ পড়া সবচেয়ে উল্লেখযোগ্য ক্রিকেটার হলেন অলরাউন্ডার থিসারা পেরেরা। দক্ষিণ আফ্রিকা সফরে হোয়াইটওয়াশ হওয়া দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার অ্যাঞ্জেলো পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, প্রিয়মল পেরেরা, উইকেটরক্ষক ব্যাটসম্যান সাদিরা সামারাবিক্রমা এবং বোলার সুরঙ্গ লাকমাল, জেফেরে বন্দরসে, আসিথা ফার্নান্দো এবং কামিন্দু মেন্ডিজ। অনেকদিন পর দলে ফিরেছেন দানুশকা গুনাথিলাকা। সর্বশেষ গত জানুয়ারিতে তিনি শ্রীলঙ্কার হয়ে খেলেছিলেন।

সিরিজ শুরুর আগে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একটি প্রস্তুতিমূলক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে এক, তিন ও ছয় সেপ্টেম্বর।