ছোটোদের সাফে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ আজ

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ২১:৪৫

কলকাতার পাশের শহর নদীয়া জেলায় কল্যাণীতে ছোটোদের সাফে বাংলাদেশ আজ দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে। বেলা সাড়ে ১২টায় খেলা শুরু হবে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল প্রথম খেলায় ৫-২ গোলে ভুটানকে হারিয়ে সুন্দর সূচনা করেছে। খেলোয়াড়রা ভালো মুডে রয়েছেন। অনেক গোল মিস করলেও বড়ো জয় নিয়ে মাঠ ছেড়েছে। কোচ সাবেক তারকা ফুটবলার পারভেজ বাবু তার খেলোয়াড়দের ওপর খুশি হলেও তিনি চাইছেন ভুটানের ম্যাচে যেসব ভুল হয়েছিল সেগুলো কমিয়ে আনতে। সামনে আরো কঠিন ম্যাচের মুখোমুখি হতে হবে। ৫ দল নিয়ে লিগ পদ্ধতিতে খেলা হচ্ছে। সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দুই দল ফাইনাল খেলবে। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা লড়াই করছে অনূর্ধ্ব-১৫ সাফের ষষ্ঠ আসরে।