চুয়াডাঙ্গায় এক স্কুলছাত্রীকে ধর্ষণে বাধা দেওয়ায় তার মামাকে ছুরিকাঘাতে খুন করেছে এক দুর্বৃত্ত। দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে ঐ স্কুলছাত্রীর নানাও। তবে পরে বিক্ষুব্ধ গ্রামবাসীর গণপিটুনিতে ঐ দুর্বৃত্তও নিহত হয়। গতকাল শনিবার ভোরে চুয়াডাঙ্গা সদর উপজেলার আমিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, মেয়েটির মামা নিহত হাসান আলী (২৬) আমিরপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে। গণপিটুনিতে নিহত আকবর আলী দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। আকবর আলী দীর্ঘদিন যাবত্ ঐ এলাকায় সবজির ব্যবসা করতেন বলে জানিয়েছেন গ্রামবাসীরা।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল ভোরে আকবর আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার আমিরপুর গ্রামের বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী হামিদুল ইসলামের বাড়িতে প্রবেশ করে। এরপর আকবর আলী ঐ বাড়ির স্কুলপড়ুয়া শিক্ষার্থীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। মেয়েটির চিত্কারে পরিবারের সদস্যরা এসে বাধা দিলে আকবর আলীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই নিহত হন গৃহকর্তা হামিদুলের ছেলে হাসান আলী (২৬)। এছাড়া ছুরিকাঘাতে গুরুতর আহত হন ঐ স্কুলছাত্রীর নানা হামিদুল ইসলাম। মেয়েটিও সামান্য আহত হয়। এদিকে চিত্কার ও হৈ চৈ-এর শব্দে গ্রামবাসী এসে হামলাকারী আকবর আলীকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
খবর পেয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন এবং গুরুতর আহত গৃহকর্তা হামিদুল ইসলাম ও তার নাতনিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সকাল ৮টার দিকে নিহত হাসান ও গণপিটুনিতে নিহত আকবর আলীর লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ দুইটি পাঠানো হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক আবু এহসান ওয়াহেদ রাজু জানান, উপর্যুপরি ছুরিকাঘাতের কারণে হামিদুল ইসলামের শরীরে অসংখ্য ক্ষতের সৃষ্টি হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহীতে রেফার করা হয়েছে। আহত স্কুলছাত্রীকে প্রাথমিক চিকিত্সা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
স্থানীয় মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার জানান, আকবর আলী বেশ কিছু দিন ধরে ঐ গ্রামের এক বাড়িতে ভাড়াটে হিসেবে বসবাস করে আসছিল। সে ভ্যানে করে গ্রামে গ্রামে সবজি বিক্রি করত। তবে তার স্বভাব চরিত্র খারাপ ছিল। এর আগেও সে গ্রামের এক নারীকে ধর্ষণের সময় হাতেনাতে আটক হয়েছিল।
