গোপালগঞ্জের মুকসুদপুর থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর সুময়েল বালা (১০) নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে মুকসুদপুর উপজেলার কৃষ্ণনগর গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করে সিন্ধিয়াঘাট পুলিশ। এ ঘটনায় রিংকু মজুমদার (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রিংকু ওই উপজেলার কলিগ্রামের প্রভাষ মজুমদারের ছেলে।
নিহত সুময়েল বালা মুকসুদপুর উপজেলার কলিগ্রামের দানিয়েল সরকারের ছেলে ও তালবাড়ী মিশনারি স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র।
আরও পড়ুন: ঝিনাইদহে গুলিবিদ্ধ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আবুল বাশার জানান, গত শুক্রবার সকালে সুময়েল বালাকে পাখি শিকারের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী রিংকু মজুমদার। এরপর সে বাড়ি ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান মেলেনি। পরে সমুয়েলের বাবা বাদী হয়ে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় পুলিশ রিংকু মজুমদারকে আটক করে।
তিনি আরও জানান, রবিবার দুপুরে ওই কৃষ্ণনগর গ্রামের একটি পুকুরে সুময়েল বালার লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমআরএম
