প্রে ফর দ্য আমাজন

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১৯:২৮

আবহাওয়া পরিবর্তনের বিরুদ্ধে পৃথিবীর সবচেয়ে বড় প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে আমাজন। অথচ সেটিই নাকি ধ্বংস হচ্ছে প্রতিটি সেকেণ্ডে। সম্প্রতি স্যাটেলাইট চিত্র থেকে উঠে এসেছে একটি ভয়াবহ তথ্য। বলা হচ্ছে, প্রতি মিনিটে একটি ফুটবল মাঠের মাপের জঙ্গল কাটা হয় এখানে। তবে যতটুকু ধ্বংস হচ্ছে তার সিংহভাগই ব্রাজিল অংশে।

সরকারি বুলডোজারের প্রবল পরাক্রমে আমাজনের দীর্ঘকাল ধরে শীতল ছায়ার কোলে আশ্রয় নেওয়া ধরণী এখন প্রখর সূর্যের আলোয় শুকিয়ে মরছে, সঙ্গে চোরাকারবারিদের গাছ কাটা তো আছেই। যেসব স্থানে জ্বালানির উপযোগী কিংবা বিক্রয়যোগ্য কাঠ নেই সেসব স্থানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে সব। চিরসবুজ আমাজনের স্যাটেলাইট ছবি দেখলে তাই মন খারাপ হবে যেকোনো প্রকৃতিপ্রেমীর। বন উজাড় করার স্যাটলাইট ছবি দেখলে মনে হবে যেন মাংসপেশী শুকিয়ে কঙ্কালসার হয়ে যাওয়া এক দেহ! ২০১৮ সালের জুলাই মাস থেকে এ বছরের জুন মাস পর্যন্ত আমাজনের বুক থেকে অদৃশ্য হয়েছে ৪,৫৬৫ বর্গ কিলোমিটার বনভূমি।

ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থার মতে, গাছ কাটা এবং মানুষের আনাগোনা বৃদ্ধির ফলে আমাজনে গত ২ বছরে দাবানলের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ২০১৭ সালের প্রথম ৭ মাসে ৩,১৬৮ বর্গ মাইল বন পুড়েছে, যা ২০১৯ সালের একই সময়ে বৃদ্ধি পেয়ে ৭,১৯২ বর্গ মাইল হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, মনুষ্য সৃষ্ট কর্মকাণ্ডের কারণেই দাবানলের পরিমাণ এত বৃদ্ধি পেয়েছে।

চলতি বছরেই ৭২ হাজার বারেরও বেশি আগুন লেগেছে এই অরণ্যের নানা প্রান্তে। ধ্বংস হয়ে যাচ্ছে আমাজনের বিস্তীর্ণ অঞ্চল। এতে সারাবিশ্বের জলবায়ু পরিবর্তনেও প্রবল প্রভাব পড়তে পারে। মার্কিন মহাকাশ সংস্থা নাসার উপগ্রহ চিত্রেও ধরা পড়েছে আমাজনে ঘটতে থাকা ৯৫০৭টি নতুন দাবানলের চিত্র।

 আমাজনের আগুনের ওপর নজর রাখছে নাসা। আগুনের তীব্রতার ছবিও পাঠাচ্ছে নাসার একাধিক স্যাটেলাইট। তবে আগুনের থেকেও বিজ্ঞানীদের বেশি ভাবাচ্ছে আগুন থেকে উত্পন্ন ধুম্রজাল। প্রায় ১৭০০ কি. মি. দূরত্ব পর্যন্ত ছড়িয়ে পড়েছে কালো ধোঁয়া।

আমাজনের চলমান দাবানলের ধোঁয়ায় ব্রাজিলের সাও পাওলো শহর দিনের বেলায়ও অন্ধকার হয়ে গেছে। আগুন থেকে এত পরিমাণ ধোঁয়া তৈরি হয়েছে যে, মহাকাশ থেকেও এই ধোঁয়া দেখা যাচ্ছে। আমাজনে এত বড় বিপর্যয়েও প্রধান মিডিয়াগুলোর অনিহায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই হ্যাশট্যাগ #PrayfortheAmazon ব্যবহার করছেন।