‘বাজেট সমস্যার সমাধান না হলে মান নিয়ে প্রশ্ন থাকবেই’

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১৯:৪৯

শামীম জামান। এদেশের জনপ্রিয় একজন অভিনেতা ও নির্মাতারা। নিজের দুই পরিচয়তেই প্রতিষ্ঠিত তিনি। কিছুদিন আগেই  ‘টিএনআইএসএফএফ-২০১৯’ আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে তার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দি রিলেশনশিপ’ প্রদর্শিত হয় এবং পুরস্কার জেতে। সম্প্রতি ঢাকায় ফিরেছেন তিনি। সিনেমাটি প্রদর্শনী নিয়ে তার অভিজ্ঞতা, নাটকের বিভিন্ন প্রসঙ্গ ও নিজের বর্তমান ব্যস্ততা নিয়ে কথা বলেছেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু

সম্প্রতি কলকাতার একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে আপনার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হলো এবং পুরস্কারও পেয়েছেন। শুরুতে এর অভিজ্ঞতা জানতে চাইবো...

এটি তো অবশ্যই দারুণ একটি অভিজ্ঞতা। সেখানে আমার স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি প্রথম প্রদর্শিত হয়। সিনেমাটি নিয়ে আমি সেখানে কিছুক্ষণ কথা বলার সুযোগও পেয়েছি। এটি বেশ ভালোলাগার একটি বিষয়। প্রথমত, এমন একটি জায়গা থেকে প্রথম কাজটির জন্য যে স্বীকৃতি পেয়েছি সেটি। এছাড়াও বিশ্বের অন্যান্য দেশ থেকে আসা সবার সঙ্গে একটা মেলবন্ধন তৈরি হয়। জানার সুযোগটা খুব বেশি থাকে।

 

ঈদে আপনার অনেকগুলো নাটক প্রচার হয়েছে। দর্শকদের সাড়া কেমন ছিল এবং আপনার মূল্যায়নের জায়গাটা প্রসঙ্গেও বলুন—

আমি বিশ্বাস করি দর্শকদের ভালোলাগা থেকেই আমি কাজ করছি। আমার প্রতি সেই আস্থার জায়গাটা ঠিক রাখার চেষ্টা আমার সবসময় থাকে। এবারের কাজগুলো বেশ প্রশংসিত হয়েছে। আমি কৃতজ্ঞ সবার প্রতি।

 

শহর কেন্দ্রিক নাটকের মতো এখন গ্রামীণ প্লটের নাটকগুলোও স্বল্প পরিধিতে চলে এসেছে। এ প্রসঙ্গে আপনার মন্তব্য কী?

বাজেটের সমস্যা থেকে আমরা এখনো বের হতে পারিনি। তাই সেই প্রভাবটা সব জায়গায় থাকবে। বাজেট সমস্যার সমাধান না হলে মান নিয়ে প্রশ্ন থাকবেই। টেলিভিশনের বাজেটে যারা কাজ করি তাদের এই সমস্যাটা অনেক। সবকিছুর খরচ বাড়ছে। শুটিংয়ে গাড়ি ভাড়া থেকে খাওয়ার খরচ, সব খরচ এখন আগের চেয়ে বেশি। এই বিষয়গুলো ঠিক হলে হয়তো সব ঠিক হয়ে যাবে।

 

ইউটিউব ও বিভিন্ন স্ট্রিমিং সাইট নাটক প্রযোজনা করছে। ডিজিটাল এই প্লাটফর্ম থেকে আমরা বাজেটের সমাধান কী করতে পারি?

সেটা অবশ্যই পারি। আমি নিজেও ইউটিউবের জন্য বেশ কিছু কাজ করেছি। তাদের বাজেট ভালো থাকে। আমার নিজেরও ইউটিউব চ্যানেল রয়েছে। কিন্তু ইউটিউব এখনো তো প্রতিষ্ঠিত জায়গায় আসেনি। তবে সেটি শিগগিরই চলে আসবে।

 

পূর্ণদৈর্ঘ্য সিনেমা নিয়ে কোনো পরিকল্পনা রয়েছে কি-না?

বাণিজ্যিক সিনেমা নিয়ে পরিকল্পনা নেই। আমি একটি ফিচার সিনেমার কাজ শুরু করেছি। এখনো শেষ করতে পারিনি। এ বছরের শেষের দিকে হয়তো কাজটি শেষ করতে পারলে গণমাধ্যমে চূড়ান্ত কিছু জানাবো। এছাড়া স্বল্পদৈর্ঘ্য নিয়েও বেশ ব্যস্ততা চলছে।