এশিয়া কাপ

বিকেএসপিতে যুবাদের ক্যাম্প শুরু

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ২০:৫১

ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলে দেশে ফেরার পর এক সপ্তাহের বিশ্রাম পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বিশ্রাম কাটিয়ে আবারও মাঠে ফিরতে হয়েছে যুবা ক্রিকেটারদের। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) আয়োজনে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য যুবাদের ক্যাম্প ডেকেছে বিসিবি। সপ্তাহব্যাপী এই ক্যাম্প চলছে বিকেএসপিতে। ক্যাম্পে ডাকা হয়েছে ২৪ ক্রিকেটারকে।

লঙ্কান হেড কোচ নাভিদ নাওয়াজ ইতিমধ্যে ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন। ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি। গতকাল সকাল ৯টা থেকে অনুশীলন শুরু হয় যুব দলের।

যুব এশিয়া কাপ এবার অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। আগামী ৩ সেপ্টেম্বর কলম্বোর উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগে ২৯ আগস্ট বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগার জুনিয়ররা। ৫-১৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে আট দলের এই এশিয়া কাপ।

ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ভারত ও স্বাগতিক ইংলিশদের বিরুদ্ধে ভালোই করেছিল বাংলাদেশ যুব দল। ফাইনালে ভারতের কাছে ট্রফি হারিয়েছিল আকবর আলীর দল। ফাইনাল হারলেও আসন্ন এশিয়া কাপে ত্রিদেশীয় সিরিজের মতোই পারফরম্যান্সের ধারাবাহিকতা আশা করছে বিসিবি।