চামড়া শিল্পনগরীতে অতিরিক্ত পানি ব্যবহার রোধে ওয়াটার ফ্লো মিটার স্থাপন শুরু

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ২০:৫৪

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) চামড়া শিল্পনগরীর শিল্প ইউনিটগুলোতে অতিরিক্ত পানি ব্যবহার রোধে ওয়াটার ফ্লো মিটার স্থাপনের কাজ শুরু হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিক চামড়া শিল্পনগরীর প্রকল্প পরিচালক  প্রকৌশলী জিতেন্দ্রনাথ পাল বলেন, চামড়া শিল্পনগরীর  চালু ১২৩টি শিল্প ইউনিটে বিসিকের নিজস্ব পাম্পের সাহায্যে পানি সরবারহ করা হয়। কিছু কিছু শিল্প ইউনিট বিসিকের সরবরাহ করা পানি ছাড়াও তাদের নিজস্ব পাম্পের সাহায্যে প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার করে। শিল্প ইউনিটগুলোতে প্রয়োজনের অতিরিক্ত পানির ব্যবহার রোধ করার জন্য ওয়াটার ফ্লো মিটার স্থাপন করা হচ্ছে। তিনি বলেন, শিল্প ইউনিটগুলোতে পরিমিত পানি ব্যবহার করতে হাইকোর্টের নির্দেশনা রয়েছে। আগামী দুই এক দিনের মধ্যে যেসব শিল্প ইউনিট নিজস্ব পাম্পের সাহায্যে প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার করে সেগুলোতে মিটার স্থাপনের কাজ শেষ হবে বলে জানান তিনি। তিনি আরো বলেন, যে শিল্প ইউনিটগুলোতে বিসিকের পাম্পের সাহায্যে পানি সরবারহ করা হয় সেগুলোতে অতিরিক্ত পানি ব্যবহার রোধ করতে ইতিমধ্যে ওয়াটার ফ্লো মিটার স্থাপন করা হয়েছে।