ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, দেশ ও জনগণের উন্নয়নে আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। তিনি আরো বলেন, বিগত দিনে যারা ক্ষমতায় এসেছে তারা দেশের জনগণের উন্নয়ন না করে জাতীয় সম্পদ লুটপাট করে নিজেদের আখের গুছিয়েছে, যার জন্য দেশ পিছিয়ে ছিল। তিনি গতকাল রবিবার দুপুরে সদরপুরের কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাম্পাসে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সভায় তিনি জনগণের দাবিতে কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরে নিক্সন চৌধুরীর সভাপতিত্বে কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটির এক সভা বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল, কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আক্তারুজ্জামান তিতাস, কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চৌধুরী আবুল কাইয়ুম হিরু প্রমুখ। হিরু চৌধুরী বলেন, এই আসনের সাবেক সংসদ সদস্য আবদুল হামিদ চৌধুরীর বাল্যবন্ধু ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি উপজেলার প্রথম এই হাই স্কুল মাঠে ফুটবল খেলেছেন, সময় দিয়েছেন। আজ তারই দৌহিত্রের নিকট সেই স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে সরকারিকরণের দাবি করছি।
