বটিয়াঘাটায় সাত দফা দাবিতে মত্স্যজীবীদের মানববন্ধন

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ২১:০২

প্রকৃত মত্স্যজীবীদের বাদ দিয়ে কিছু অমত্স্যজীবী ও বিত্তবানদের কার্ড দেওয়ার প্রতিবাদে দক্ষিণ খুলনা মত্স্যজীবী সমবায় সমিতি শনিবার বেলা ১১টায় এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। থানা মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃত্ব দেন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম মৌলঙ্গী। মানববন্ধনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয় উপজেলা মত্স্য অধিদপ্তর প্রতি ইউনিয়নে একজন করে অ্যাজেন্ট নিয়োগ দিয়েছে। তাদের মাধ্যমে প্রকৃত মত্স্যজীবীদের বাদ দিয়ে অমত্স্যজীবী ও বিত্তবানদের কার্ডসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করছে। প্রকৃত মত্স্যজীবীরা সাগরে মাছ ধরতে গিয়ে কার্ড না থাকায় বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে।

উপজেলা মত্স্য অফিসার মনিরুল মামুন বলেন, মত্স্যজীবীদের ভুল বুঝিয়ে মানববন্ধনের আয়োজন করা হয়। প্রকৃতপক্ষে ৩ হাজার ৫১৭ জন মত্স্যজীবী কার্ড পেয়েছেন। প্রয়োজনে এ সংখ্যা বৃদ্ধি করা হবে।