চকরিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ২১:০৬

কক্সবাজারের চকরিয়ায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া (৯) বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার রাত আটটার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষিত শিশুটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। আক্রান্ত শিশুর চিত্কারে প্রতিবেশী লোকজন এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যাওয়ায় তাকে চিহ্নিত করা যায়নি। পরে আক্রান্ত শিশুকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক ঐ শিশুকে তাত্ক্ষণিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার জয়নাল আবেদীন সোনা মিয়া বলেন, আক্রান্ত শিশুকে বাড়ির বাজারের জন্য রাতে স্থানীয় দোকানে পাঠায় তার পরিবার। স্টেশনে যাওয়ার পথে রাস্তায় রাতের আঁধারে নির্জন স্থানে নিয়ে শিশুটিকে কে বা কারা ধর্ষণ করে। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ধর্ষককে এখনো শনাক্ত করা যায়নি।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, শিশু ধর্ষণের ঘটনার বিষয়টি শোনার পরে তাত্ক্ষণিক ঘটনাস্থলে যাওয়া হয়। ধর্ষককে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। ডাক্তারের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ধর্ষণ হয়েছে কিনা বিষয়টি বলা যাচ্ছে না। তিনি আরো বলেন, ধর্ষণের ঘটনা নিয়ে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। তাদের পরিবারের সঙ্গে কথা হয়েছে। তারা যেকোনো সময় থানায় অভিযোগ দেবে বলে জানান।