শমসেরনগরে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী আহত

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ২১:০৭

রাতে বাড়ি ফেরার পথে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বাজার বণিক কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবেদুর রহমানের ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। আহত আবেদকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দিবাগত রাত একটায় কেছুলোটি গ্রামে হামলার এ ঘটনা ঘটে। আবেদুর রহমানের বাবা কমলগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. দুরুদ আলী অভিযোগ করে বলেন, শমসেরনগর বাজার থেকে বাড়ি ফেরার পথে কেছুলোটিস্থ গ্রামের রাস্তায় আসার পর পূর্বপরিকল্পিতভাবে চার, পাঁচ জন সন্ত্রাসী হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে আবেদকে। আবেদের হল্লা চিত্কার শুনে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। এখনো চিকিত্সাধীন রয়েছে।

শমসেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) অরুপ কুমার চৌধুরী বলেন, বিষয়টি শুনেছি তবে হামলায় আহত আবেদ মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। হামলার এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হলে এ ব্যাপারে তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।