বাজিতপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা খুন

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ২১:০৭

বাজিতপুরে সন্ত্রাসীদের হাত থেকে পুত্রকে বাঁচাতে গিয়ে পিতা খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার সরারচর বাজারে। নিহত ইয়াসিন মিয়ার (৫৫) বাড়ি বাজার সংলগ্ন দক্ষিণ সরারচর গ্রামে। পেশায় তিনি একজন ইক্ষু বিক্রেতা। শনিবার বিকালে ইয়াসিনের বদলে তার পুত্র রাসেল মিয়া সরারচর বাজারে আঁখ বিক্রি করতে যায়। আঁখ কেনাকাটাকে কেন্দ্র করে ভাইমবা গ্রামের কাশেম মিয়ার সঙ্গে রাসেল মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কাশেম মিয়া ও তার ভাইয়েরা মিলে রাসেল মিয়াকে কিল-ঘুষি মেরে তাকে জোরপূর্বক ধরে নিয়ে যেতে থাকে। খবর পেয়ে ইয়াসিন মিয়া পুত্রকে তাদের হাত থেকে রক্ষা করতে এগিয়ে এলে সন্ত্রাসীরা তার ওপরেও চড়াও হয়। সন্ত্রাসীদের কিল-ঘুষিতে ইয়াসিন মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে তিনি মারা যান।

 বাজিতপুর থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারী জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।