ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুম থেকে অবৈধ লেনদেনের মাধ্যমে খতিয়ান, পর্চাসহ প্রয়োজনীয় কাগজপত্রের নকল সরবরাহের অভিযোগে এক ব্যক্তিকে ২৫ দিনের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আবু নাছের রাজা। রবিবার দুপুরে তাকে ৩০টি নকলসহ আটক করা হয়।
রেকর্ড রুমের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ জানান, নাছের মানুষের কাছ থেকে টাকার বিনিময়ে ভূমি সংক্রান্ত নকল কাগজপত্র তোলার জন্য মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিত। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তাকে হাতেনাতে আটক করে ২৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক হায়াদ-উদ-দোলা খান বলেন, রেকর্ড রুমে নকল সংগ্রহে সাধারণ মানুষ যে হয়রানি ও প্রতারণার শিকার না হয় সে বিষয়ে আমরা সতর্ক আছি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেব।
