ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন গ্রহণ করেছে আদালত। গতকাল রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরীফ প্রতিবেদন গ্রহণ করে মামলাটি বিচারিক আদালতে বদলির নির্দেশ দেন।
রাজধানীর সায়েন্সল্যাব এলাকার সুকন্যা টাওয়ারের ১৬/সি নম্বর ফ্ল্যাটে থাকতেন ৬৬ বছর বয়সি মাহফুজা চৌধুরী। গত ১০ ফেব্রুয়ারি রাতে নিজ ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই ঐ বাসায় কর্মরত দুই গৃহকর্মী নিখোঁজ ছিল। হত্যাকাণ্ডের পরদিন রাজধানীর নিউমার্কেট থানায় গৃহকর্মী স্বপ্না (৩০) ও রেশমাসহ (৩৬) তিন জনকে আসামি করে নিউমার্কেট থানায় মামলা করেন তার স্বামী ইসমত কাদির গামা। পরে অভিযান চালিয়ে দুই গৃহকর্মীসহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে মাহফুজা চৌধুরীকে হত্যা করে পালানোর কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয় দুই গৃহকর্মী। পাশাপাশি বাসায় থাকা ২০ ভরি সোনা, একটি স্যামসাং মোবাইল ফোন এবং নগদ ৫০ হাজার টাকা চুরি করে তারা। তদন্ত শেষে পুলিশ গত ২১ জুলাই সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করে।
