সোনারগাঁওয়ে হামলায় আহত যুবকের মৃত্যু

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ০০:০১

দাবিকৃত চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা কুপিয়ে আহত করার আট মাস পর চিকিত্সাধীন অবস্থায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সনমান্দী ইউনিয়নের লেদামদী গ্রামের মাহবুবুর রহমান (৩২) নামে এক যুবক গত শুক্রবার সকালে ঢাকার একটি হাসপাতালে মারা যান। এ ঘটনায় দায়ের করা চাঁদাবাজি মামলাটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। মাহবুবুর রহমানের দাফনের দুদিন পর গতকাল রবিবার সকালে এ মামলার প্রধান আসামি ইসহাকের নেতৃত্বে পুনরায় মাহবুবের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। হামলায় চার জন আহত হয়। মাহবুব হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে নিহতের পরিবার।  সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, মাহবুব হত্যাকাণ্ডের মামলাটি ডিবি তদন্ত করেছে। পুনরায় তাদের বাড়িতে হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।