প্রলোভন দেখিয়ে প্রায় ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দি ঢাকা আরবান কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যানসহ সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদকের উপপরিচালক সেলিনা আখতার বাদী হয়ে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি দায়ের করেছেন।
মামলার আসামিরা হলেন দি ঢাকা আরবান কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মো. রফিকুল আলম, সাবেক ব্যবস্থাপক মিজানুর রহমান ভূইয়া, দি ঢাকা আরবান কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের সভাপতি তাহমিনা বেগম, সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক মো. মিজানুর রহমান, জেলা সমবায় অফিসের সাবেক জেলা অডিটর মো. লুত্ফর রহমান, সাবেক উপসহকারী নিবন্ধক মো. খবির খান ও পরিদর্শক মহসিন মজুমদার।
