রাষ্ট্রীয় মর্যাদায় অরুণ জেটলির শেষকৃত্য সম্পন্ন

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ০০:২১

ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলির শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। দলের বাইরে বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন গতকাল বিকালে অনুষ্ঠিত শেষকৃত্যের অনুষ্ঠানে। নয়াদিল্লির হাসপাতালে দুই সপ্তাহ ভর্তি ছিলেন অরুণ জেটলি। সেখানেই শনিবার দুপুরে মারা যান। যেসব কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে প্রথম নরেন্দ্র মোদি সরকারের আমলে কাজ করেছেন তাদের বেশিরভাগই উপস্থিত ছিলেন শেষকৃত্যে। এছাড়া দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উপমুখ্যমন্ত্রী মনীশ শিসোদিয়া, কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধ্রিয়ার পাশাপাশি একসময়ে আদালতে জেটলির প্রতিদ্বন্দ্বী কপিল সিব্বলও উপস্থিত ছিলেন নিগমবোধ ঘাটের শেষকৃত্যে। তবে বিদেশে থাকায় শেষকৃত্যে থাকতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবারই দেশে ফিরতে চেয়েছিলেন তিনি। কিন্তু জেটলির পরিবার না আসতে অনুরোধ করে।—এনডিটিভি