এখন পর্যন্ত নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড আমরা দেখছি না ........ড. খন্দকার মোশাররফ হোসেন

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ২২:১০

সংবিধানে আছে নির্বাচনের সময় সকল দলের সমান সুযোগের কথা। এটাকে আমরা লেভেল প্লেইং ফিল্ড বলে থাকি। দুর্ভাগ্যজনক হলেও সত্যি প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে লেভেল প্লেইং ফিল্ড হবে, তৈরি করে দেবে এই অঙ্গীকার করার পরও এখন পর্যন্ত  লেভেল প্লেইং ফিল্ড আমরা দেখছি না।

গতকাল শুক্রবার দাউদকান্দিতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এবং কুমিল্লা-১ ও কুমিল্লা-২ আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন।

ড. মোশাররফ বলেন, আওয়ামী লীগের ঝিগাতলার কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির সময় সেখানে তাদের প্রার্থীরা বাদ্যযন্ত্র নিয়ে মনোনয়ন ফরম আনতে গেছে অথচ বিএনপির কার্যালয়ে যখন মনোনয়ন ফরম বিক্রি শুরু হলো এবং বিশাল জনসমাগম দেখল তখন সরকার পুলিশ বাহিনী দিয়ে একটি অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করল। এটাকেতো লেবেল প্লেইং ফিল্ড বলে না। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ তথ্য তুলে ধরার আহ্বান থাকবে সকল সাংবাদিকদের প্রতি। সাংবাদিকদের কোনো দল নেই তারা রাষ্ট্রের তৃতীয় স্তম্ভ। কুমিল্লা-১ দাউদকান্দি-মেঘনা এবং কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে দুটো আসনেই নির্বাচন করবেন বলে সাংবাদিকদের জানান ড. খন্দকার মোশাররফ হোসেন।