শেকৃবি’তে ভর্তি পরীক্ষায় জালিয়াতি আটক ৪

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ২২:১১

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ওই পরীক্ষায় ইলেক্ট্রনিক ডিভাইসের মাধ্যমে জালিয়াতির অভিযোগে ৪ পরীক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে কর্তৃপক্ষ। আটক পরীক্ষার্থীরা হলেন মো: ইকবাল মাহাবুব, রোল নং-১২১৫৯, মোছা: রাশিদা আক্তার রজনী, রোল-২১১৯৯, জয় পাল, রোল নং-১৩৫৪৭ ও মাহিম খান, রোল নং-৪১৭৪৬। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর ১৫ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কর্তৃপক্ষ ৪ পরীক্ষার্থীকে জালিয়াতির অভিযোগে আটক করে শেরেবাংলা নগর এবং মোহাম্মদপুর থানার কাছে হস্তান্তর করেছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে ভ্রাম্যমাণ আদালত ম্যাজিস্ট্রেট ওয়াদিয়া শাবাব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. সেকেন্দার আলী বলেন, শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশের সময় মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে ব্যবহার বাধ্যতামূলক ছিল। তিনজন শিক্ষার্থী মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে ব্যবহারের সময়ই ইলেক্ট্রনিক ডিভাইস সহকারে ধরা পড়ে। তিনি আরও বলেন, পরীক্ষায় ইলেক্ট্রনিক ডিভাইস ও ফোন নিষিদ্ধ থাকা সত্ত্বেও এক শিক্ষার্থী এর মাধ্যমে উত্তরপত্র সংগ্রহ করা চেষ্টা করেছিল। তাই আমরা তাকেসহ ৪ জনকে আটক করেছি। এদের কাছ থেকে অনেক মূল্যবান তথ্য পাওয়া গেছে।