২০১৫ সালে তিন বছর পর একবার জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছিলেন জহুরুল ইসলাম অমি। কিন্তু প্রথম দিনেই ইনজুরিতে পড়ে শেষ হয়ে গিয়েছিল জাতীয় দলে ফেরার স্বপ্ন। এবার ছয় বছর পর আবার ডাক পেয়েছেন। প্রথম দিনে না হলেও ক্যাম্পেই ইনজুরিতে পড়েছেন আবারও। তবে সুখবর হলো, এবার চোট গুরুতর নয়। দুই-তিন তিন বিশ্রাম নেওয়ার পর আজ বা কালই অনুশীলনে ফিরে আসতে পারছেন তিনি।
তামিম ইকবাল না থাকায় জাতীয় দলে বিকল্প ওপেনার নিয়ে অনেক চিন্তাভাবনা করতে হচ্ছে নির্বাচকদের। একপ্রান্তে টেস্টে হয়তো সাদমান ইসলাম স্থির থাকবেন। অন্যপ্রান্তে বিবেচনায় আছেন ইমরুল কায়েস, জহুরুল ইসলাম, সৌম্য সরকার ও লিটন দাস। এরপর টি-টোয়েন্টি টুর্নামেন্টে দুইপ্রান্তেই ভাবনা তৈরির অবকাশ আছে। ফলে অমির জন্য জাতীয় দলে ফেরার ভালো একটা সুযোগ তৈরি হয়েছে। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে ১৫ ম্যাচে ৭৩৫ রান করে ফিরে এসেছেন তিনি বিবেচনায়।
নির্বাচকরা জানিয়েছেন, অমিকে ভালোমতোই বিবেচনায় রেখেছেন তারা। কিন্তু এরমধ্যে গত শনিবার ব্যাটিংয়ের সময় পিঠে চোট পান তিনি। এরপর বিশ্রামে রাখা হয়েছিল তাকে। প্রধান নির্বাচক বলেছেন, চিকিত্সক ও ফিজিওর ছাড়পত্র পেলে তবে অমিকে বিবেচনা করবেন তারা।
বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী অবশ্য জানালেন, অমির চোট গুরুতর নয়। তিনি আজ বা কালকের মধ্যে অনুশীলনে ফিরে আসতে পারবেন, ‘ও পিঠে সামান্য চোট পেয়েছিল। সেটা একেবারেই বড়ো কিছু নয়। আগামীকালই হয়তো ট্রেনিংয়ে ফিরে আসতে পারবে।’
