সারা দেশে ছড়িয়ে আছে কুড়িগ্রাম জেলার কয়েক লাখ মানুষ, তাদের মধ্যে বিরাট অংশ দরিদ্র মেধাবী শিক্ষার্থী। তাদের পক্ষে ব্যয়বহুল যাতায়াতের কথা চিন্তা করা কষ্টকর। তাছাড়া সড়কপথে দুর্ঘটনা নিত্য দিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে—যেখানে অতিরিক্ত যাত্রী নিয়ে বেপরোয়া গাড়ি চালনা, একজন আরেকজনকে প্রতিযোগী ভেবে প্রতিদ্বন্দ্বিতা করে, সেখানে জীবনের মূল্য কতটুকু? দরিদ্র পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি যদি দুর্ঘটনায় পড়েন, তাহলে পরিবারের দায়ভার কে নেবে? কিন্তু আন্তঃনগর ট্রেন চালু হলে আমরা আশা রাখি যাতায়াতের দুর্ভোগ অনেকাংশে কমে যাবে। তাই আমাদের সকলের কথা চিন্তা করে, উপর মহলের কাছে আকুল আবেদন এই যে, চিলমারি-ঢাকা আন্তঃনগর ট্রেন চালু করা হোক।
জেলী আক্তার
শিক্ষার্থী, কুড়িগ্রাম সরকারি কলেজ,
রসুলপুর, কুড়িগ্রাম
