খলিলুর রহমান বাবর আর নেই

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২১:৩০

 

 বাংলা চলচ্চিত্রের গুণীজন খলিলুর রহমান বাবর আর নেই। গতকাল সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক খলিলুর রহমান বাবর। মৃত্যুকারে তাঁর বয়স হয় ৬৭ বছর।

গতকাল বিকেলে এফডিসি প্রাঙ্গণে তাঁর দ্বিতীয় জানাজা হয়। সেখানে দীর্ঘ ক্যারিয়ারের সহকর্মীরা প্রিয় শিল্পীকে শেষ বিদায় দিতে আসেন। কয়েক বছর যাবত্ অসুস্থ ছিলেন বাবর। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হূদরোগ ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। গত ৩০ এপ্রিল অসুস্থতা বেড়ে গেলে তাঁকে কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সকেরা জানান, তাঁর গ্যাংগ্রিনের অপারেশন করাতে হয়। এরপর ডাক্তারের পরামর্শে তাঁর বাঁ পায়ের তিনটি আঙুল কেটে বাদ দেওয়া হয়। সর্বশেষ গত জুন মাসে অস্ত্রোপচার করে তাঁর বাঁ পায়ের হাঁটু থেকে নিচের অংশ কেটে ফেলা হয়। চিকিত্সা শেষে তিনি বাসায় ফিরে যান। গত বৃহস্পতিবার মস্তিস্কে রক্তক্ষরণ হওয়ায় তাঁকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।

 সেখানে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল না। তাই আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছিল। কিন্তু তার আগে বিদায় নেন তিনি।