পুরনো দিনের ইংরেজি গানের শ্রোতাদের কাছে ‘স্করপিয়ন্স’ একটি মোহের ব্যান্ড। ইউরোপের অন্যান্য অঞ্চলে বা আমেরকািয় যখন রক মিউজিকের ব্যাপক জনপ্রিয়তা এবং সেই সময় ব্রিটিশ ব্যান্ড ‘দি বিটলস’, ‘পিংক ফ্লয়েড’, ‘ডিপ পার্পেল’ বা আমেরিকান ব্যান্ড ‘ডোরস’ ব্যাপক জনপ্রিয়তা কুড়াচ্ছে। সেই সময় যাত্রা শুরু করে জার্মানি ব্যান্ড ‘স্করপিয়ন্স’। শুরুর দিকে ‘অলওয়েজ সামহোয়ার’ ‘স্টিল লাভিং ইউ’, ‘নো ওয়ান লাইক ইউ’, ‘লাভিং ইউ সানডে মর্নিং’সহ আরো বেশ কযেকটি গান দিয়ে পুরো বিশ্বে নিজেদেরকে পরিচয় করিয়ে দেয় ব্যান্ডটি। এরপর শুধু সামনে পথ চলা। একের পর এক হিট অ্যালবাম। পাশাপাশি ওয়ার্ল্ড ট্যুর। ১৯৯০ সালে রিলিজ হওয়া ‘ক্রেজি ওয়ার্ল্ড’ অ্যালবামের ‘উইন্ড অব চেঞ্জ’ পুরো বিশ্বে ব্যাপর সাড়া ফেলে।
১৯৬৫ সাল থেকে এখন পর্যন্ত বিশ্ব কাঁপানো এই হার্ড রক ব্যান্ডের কনসার্ট মঞ্চের সামনে দাঁড়িয়ে উপভোগ করাটা স্বপ্নের মতোই। সেই স্বপ্ন এবার পূরণ হতে যাচ্ছে এবার বাংলাদেশের দর্শকদের। সেটি আবার সম্পূর্ণ ফ্রি।
অনুষ্ঠানটির আয়োজন প্রতিষ্ঠানের চেয়ারম্যান শেখ আবরারুল হক কাফি সম্রাট বলেন, ‘এই আয়োজনে ‘স্করপিয়ন্স’ ছাড়াও আরো থাকবেন ইয়ান্নিস ক্রিসোম্যালিস। এই বছর ডিসেম্বর থেকে আগামী বছর জানুয়ারি পর্যন্ত আমরা তিনটি শো করবো। এরমধ্যে দুটিতে ইয়ান্নিস ক্রিসোম্যালিস থাকবেন। আর একটিতে থাকবে ‘স্করপিয়ন্স’। এখন পর্যন্ত ভেন্যু নির্ধারণ করা হয়নি তাই নিশ্চিত অনুষ্ঠানের তারিখ জানাতে পারছি না। আমরা একটি নিরাপদ ভেন্যুর খুঁজছি। সেটি নিশ্চিত হলে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করবো। সেখানে ‘স্করপিয়ন্স’ ও ইয়ান্নিস ক্রিসোম্যালিস ভিডিও কনফারেন্সে সাংবাদিকদের সাথে কথা বলবে।’
