মাগুরায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২২:০০

পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকালে মাগুরা সদর ও শ্রীপুরে মৃত্যুর এই ঘটনা ঘটেছে। ফলে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, মাগুরা সদর উপজেলার কুকিলা গ্রামের আতর আলীর ছেলে ওয়াজকুরুনি (৫) অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এ সময় বাড়ির পাশে পুকুরে ডুবে তার মৃত্যু হয়। অনেক খোঁজাখুজির পর এক ঘণ্টা পরে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার হয়। 

আরও পড়ুন : ত্রিপুরা থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চুক্তি করবে না সরকার

অন্যদিকে সদরের গাংনালিয়া গ্রামের এনামুল মোল্যার ছেলে আকায়ন মোল্যা মনি (২) বাড়ি পাশে ডোবার পানিতে ডুবে মারা যায়। তার মা-বাবা ডোবার পাড়ে বসে পাট বাছাই করার সময় হঠাৎ করে আকায়ন চোখের আড়াল হয়। পরে ডোবার পানিতে তার মরদেহ পাওয়া য়ায়।

অপরদিকে শ্রীপুর উপজেলার মাঙ্গনডাঙ্গা গ্রামে সোহাগ মোল্লার দেড় বছর বয়সী মেয়ে তাসলিমা বাড়ি টিউবওয়েলে গর্তের পানিতে ডুবে মার যায়। বাড়ির টিউবওয়েলের গর্তের পানিতে তার মরদেহ পাওয়া যায়। এদিকে তিনটি মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইত্তেফাক/কেআই