প্রাকৃতিক সম্পদ রক্ষায় সংগ্রামের আহ্বান

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২২:১১

দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষায় ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করার আহ্বান জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্ বন্দর রক্ষা জাতীয় কমিটি। গতকাল সোমবার কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত এক অনুষ্ঠানে এ আহ্বান জানান সংগঠনের নেতৃবৃন্দ। ২০০৬ সালে দিনাজপুরের ফুলবাড়ীতে আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্ বন্দর রক্ষা জাতীয় কমিটির ঢাকা মহানগরের সমন্বয়ক জুলফিকার আলী বলেন, আমাদের লড়াই করে বেঁচে থাকতে হবে। ফুলবাড়ী আমাদের সেই শিক্ষাই দিয়েছে। আমাদের অধিকার অক্ষুণ্ন রাখার জন্য লড়াই অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, সারাবিশ্বে যেমন সম্পদ নিয়ে লুটপাট হচ্ছে, আমাদের দেশও এই লুটপাট থেকে কোনোভাবে পিছিয়ে নেই। ফলে আমাদের অভিজ্ঞতা যেটা বলছে, লড়াই সংগ্রাম করে সাধারণের সম্পদ, জনগণের সম্পদ, নাগরিকের সম্পদ, তার বেঁচে থাকার অধিকার রক্ষা করতে হবে।

সমাবেশে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, এখন যারা সরকারে আছেন, ফুলবাড়ী আন্দোলনের সময় তারা বিরোধী দলে ছিলেন। সেই সময় তারা ফুলবাড়ীর এই আন্দোলনে সমর্থন জানিয়েছিলেন। সরকারে আসার পর ফুলবাড়ী চুক্তি হুবহু কার্যকর করবেন বলে তারা সেই সময় বলেছিলেন। অথচ ১১ বছর ধরে ক্ষমতায় থেকেও ফুলবাড়ী চুক্তি কার্যকর করেনি। তিনি বলেন, বাংলাদেশের জাতীয় সম্পদ রক্ষায় সরকারকে পদক্ষেপ নিতে হবে। অন্যথায় জাতীয় কমিটি কর্মসূচি দিতে বাধ্য হবে।

বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ নিয়ে ষড়যন্ত্র এখনো থামেনি। উত্তরবঙ্গ প্রাকৃতিকভাবে সম্পদের কারখানা। আগে এখানে কয়লা পাওয়া যেত। এখন লোহার খনির কথা বলা হচ্ছে, কিন্তু সব কিছুর মধ্যে একটি ষড়যন্ত্র আছে যা একটি দেশকে খাদের কিনারে নিয়ে যাচ্ছে। বর্তমানে আমাজন জ্বলছে, বাংলাদেশের সুন্দরবনও ধ্বংসের পাঁয়তারা চলছে। প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে হবে।

সমাবেশের পূর্বে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্ বন্দর রক্ষা জাতীয় কমিটি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা ফুলবাড়ী আন্দোলনে নিহতদের প্রতি কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক মোশাররফ হোসেন নান্নু প্রমুখ।