শরীয়তপুরে চোরকে চিনে ফেলায় স্কুলছাত্রীকে জখম

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২৩:১৬

চুরি কারার সময় চোরকে চিনে ফেলায় শামীমা নাসরিন নামে এক স্কুলছাত্রীকে ব্লে­ড দিয়ে কেটে জখম করা হয়েছে। সে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী এবং চিতলিয়া গ্রামের রুহুল আমীন মৃধার মেয়ে। গত রবিবার সন্ধ্যায় প্রতিবেশী রাজ্জাক হাওলাদারের ছেলে মিন্টু হাওলাদার চুরি করে মালামাল নিয়ে পালানোর সময় তাকে চিনে ফেলে শামীমা। তখন তার মাথায় আঘাত করলে সে অচেত হয়ে যায়। সে সময় তার বাম হাত ব্লে­ড দিয়ে কেটে রক্তাক্ত করা হয়। স্বজনেরা তাকে উদ্ধার করে রাতেই শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

শরীয়তপুর সদর হাসপাতালের চিকিত্সক কাজী শাহ আব্দুল্লাহ শামীম বলেন, মেয়েটির বাম হাতে বেশ কয়েকটি স্থানে ব্লেডে কাটার চিহ্ন রয়েছে। এ ছাড়া সে মাথায় আঘাত পেয়েছে। আংগারিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিন্টু মণ্ডল বলেন, রাতেই মিন্টুকে স্থানীয় লোকজন রঙের বাজারে আটক করেছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই আত্মীয়স্বজন তাকে ছাড়িয়ে নিয়ে যায়। এখন সে এলাকা থেকে পালিয়েছে। স্কুলছাত্রীর পরিবার থেকে অভিযোগ করা হয়েছে।