দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজীপুর সিটির পুবাইল থানাধীন মেঘডুবি এলাকায় কাভার্ড ভ্যান ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে মারা যান। গতকাল ঢাকা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। এরা হলেন—চাঁদপুরের মতলব দক্ষিণ থানার পয়ালী এলাকার মিনহাজ উদ্দিনের ছেলে মফিজুল ইসলাম (৪৭) ও তার ছেলে আজিজ (১৭)। গতকাল সোমবার ব্যুরো অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
গাজীপুর :পূবাইল থানার এসআই সাইফুল ইসলাম জানান, শাহাপাড়ায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন মফিজুল ইসলাম। গ্রামের বাড়ি চাঁদপুর যাওয়ার জন্য ছেলেকে নিয়ে বের হন। জয়দেবপুর থেকে ছেলেকে নিয়ে ইজিবাইকযোগে পূবাইল যাচ্ছিলেন। এ সময় একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মফিজুলের মৃত্যু হয়। ঢাকায় নেওয়ার পথে আজিজ মারা যায়।
মাগুরা :গতকাল মাগুরা-ফরিদপুর সড়কের মাগুরা সদর উপজেলার কুছন্দিতে সিএনজি চালিত অটোরিকশাকে একটি পিকআপ ধাক্কা দিলে রেহেনো আমান ডলি (৪৫) নামে এক নারী নিহত ও পাঁচ জন আহত হন। ডলি মাগুরা সদর উপজেলার কালীনগর গ্রামের আমানত আলীর স্ত্রী।
সিলেট :গতকাল সিলেটে-তামাবিল সড়কের পরগনাবাজারে অটোরিকশা-লেগুনার সংঘর্ষে এক যুবক নিহত ও আহত হয়েছেন ১২ জন। আহত ৯ জনকে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকরা অটোরিকশা যাত্রী মোগলাবাজারের পূর্ব শ্রীরামপুরের লিলু মিয়ার ছেলে সোহেলকে (২৬) মৃত ঘোষণা করেন।
গাইবান্ধা প্রতিনিধি ও গোবিন্দগঞ্জ সংবাদদাতা : গতকাল গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী হরিপদ চন্দ্র দাস (৩৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত ও দুই জন আহত হয়েছেন। হরিপদ চন্দ্র দাস বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের কানছগাড়ীর বাসিন্দা।
নাগেশ্বরী (কুড়িগ্রাম) :গতকাল নাগেশ্বরীর ভিতরবন্দের চণ্ডিপুর মনদ্দির তেপথি এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইউপি সদস্যসহ দুই জন নিহত ও দুই জন আহত হয়েছেন। নিহতরা হলেন— আলমগীর হোসেন ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলম।
ধামরাই (ঢাকা) সংবাদদাতা :ঢাকার ধামরাইয়ে ঢাকা আরিচা মহাসড়কে ঢুলিভিটা বাসস্ট্যান্ডে ট্রাকচাপায় পথচারী ফাতেমা আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। তিনি মির্জাপুর উপজেলার হারিয়া গ্রামের সেলিম আহমদের স্ত্রী।
পটিয়া (চট্টগ্রাম) :পটিয়ায় ট্রাকচাপায় আবু সামাদ (৪০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। তিনি উপজেলার ভাটিখাইন ইউনিয়নের মোহাম্মদ মোস্তফার পুত্র। রবিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) :গতকাল বিকালে পীরগঞ্জ-রাণীশংকৈল পাকা সড়কে দুর্গাপুর নামক স্থানে একটি ট্রাক্টর বাইসাইকেলকে ধাক্কা দিলে আখতারুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা।
