মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন, জামালপুরের সাবেক ডিসি আহমেদ কবীরের বিরুদ্ধে অভিযোগ তদন্তে সরকার গঠিত কমিটি কাজ শুরু করেছে। অভিযোগ প্রমাণিত হলে তাকে চাকরি থেকে ডিসমিস করা হতে পারে। আবার পদাবনতিও হতে পারে। কোনো ধরনের ঢিলেমি হওয়ার সুযোগ নেই। অভিযোগ প্রমাণিত হলে গুরুদণ্ড হবে। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক নিয়ে সংবাদ সম্মেলনকালে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
অপর এক প্রশ্নের জবাবে সচিব বলেন, কমিটি যদি মনে করে অন্য কোনো প্রাসঙ্গিক বিষয়কে টেনে আনা প্রয়োজন অথবা এই বিষয়টি তদন্ত করতে গিয়ে অন্য কোনো বিষয় এসে যায়, তাহলে সেগুলোও তারা তদন্ত করতে পারবে। প্রতিবেদনে তারা উল্লেখ করবেন যে উনার বিরুদ্ধে এই অভিযোগও পাওয়া গেছে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই কমিটি প্রতিবেদন দেবে। প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা হবে কি না এই প্রশ্নের জবাবে সচিব বলেন, এটা সময়সাপেক্ষ বিষয়।
