টেকনাফে আটক যুবলীগ নেতা ওমর হত্যার আসামি মো. আমিরুল ইসলামের পুত্র মো. হাসান (২০) নামে এক রোহিঙ্গা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। গতকাল সোমবার আটক হাসানকে নিয়ে জাদিমোরা পাহাড়ে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে এ ঘটনা ঘটে ।
টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাশ বলেন, গতকাল পুলিশ ওমর ফারুক হত্যা মামলার আটক আসামির স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র উদ্ধারের জন্য অভিযানে যায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এতে এসআই সাব্বির আহমদ, কনস্টেবল লিটন ও বাহার আহত হন। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। কিছুক্ষণ পর রোহিঙ্গা সন্ত্রাসীরা গভীর পাহাড়ে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে একটি এলজি ও গুলিবিদ্ধ নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ই-ব্লকের হাসানকে (২০) উদ্ধার করা হয়। হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় হাসান মারা যান।
