বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ফুল বিভাগের উদ্যোগে উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের সেমিনার রুমে রবিবার দিনব্যাপী ‘মানসম্পন্ন ফুল ও বাহারি গাছ উত্পাদন এবং সংগ্রহোত্তর ব্যবস্থাপনা’ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালাটি ‘বাংলাদেশে অর্কিড, ক্যাকটাস-সাকুলেন্ট ও বাল্ব-করম জাতীয় ফুলের জাত উন্নয়ন, উত্পাদন, সংগ্রহোত্তর ও মূল্য সংযোজন প্রযুক্তি উদ্ভাবন এবং বিস্তার কর্মসূচি’ প্রকল্পের অর্থায়নে আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষক প্রশিক্ষণের উদ্বোধন করেন বারির পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) জেবুন নেছা। ইনস্টিটিউটের ফুল বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও কর্মসূচি পরিচালক ড. কবিতা আনজু-মান-আরার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল ওহাব, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. বাবু লাল নাগ ও ফুল বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফারজানা নাসরীন খান।
প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন জেলা থেকে আগত ফুলচাষি, বিক্রেতা ও ফুল চাষে আগ্রহী মোট ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন।
