ঢাকা রেঞ্জের ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২৩:৩৮

ঢাকা রেঞ্জের ক্রাইম কনফারেন্সে ডিআইজি হাবিবুর রহমান জঙ্গি ও মাদক নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে ১৩  জেলার পুলিশ সুপারদের নির্দেশ দিয়ে বলেছেন, জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে ইতিমধ্যে সুফল পাওয়া গেছে। সুতরাং যার যার জেলায় যত বেশি সংখ্যক বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষকে সম্পৃক্ত করা যায় ততই মঙ্গল। তিনি বলেন, বিভিন্ন শ্রেণি ও পেশার আগ্রহী বহু মানুষ আছে প্রত্যেক জেলায়। তাদের সঙ্গে কথা বলতে হবে—তাদের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করা এবং এর কুফল সম্পর্কে জানাতে হবে। গতকাল সেগুনবাগিচার ঢাকা রেঞ্জ কার্যালয়ের কনফারেন্স রুমে উপস্থিত ১৩ জেলার পুলিশ সুপারদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।   

সভায় ১৩ জেলার ৯৬ থানার জুলাই মাসের অপরাধ পর্যালোচনা করা হয়। পর্যালোচনায় দেখা যায় জুলাই মাসে ঢাকা রেঞ্জে ৩০৬৪ মামলা রুজু হয়েছে—যা জুন মাসের তুলনায় ৩৭টি মামলা বেড়েছে, একই সঙ্গে জুলাই ২০১৮’র সঙ্গে তুলনা করলে ৮৪৩টি মামলা কমেছে। এ সময় মাদকদ্রব্য উদ্ধারখাতে ১৫৭৭টি মামলা রুজু হয়েছে—যা জুন মাসের তুলনায় ২২৭টি বেড়েছে এবং একই সঙ্গে ১৮ সালের জুলাই মাসের তুলনায় ৭৭১টি মামলা কমেছে। অস্ত্র উদ্ধার মামলা হয়েছে ৭টি, যা জুন মাসের তুলনায় ৫টি মামলা কমেছে এবং জুলাই ২০১৮ সালের তুলনায় ১০টি মামলা কমেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনগণের আস্থা অর্জনে অগ্রণী ভূমিকা পালনের জন্য সভায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদকে শ্রেষ্ঠ পুলিশ সুপার এবং রাজবাড়ী জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিমকে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে পুরস্কৃত করা হয়। এছাড়াও ফোর্সদের কর্মদক্ষতার ভিত্তিতে তিন জন চৌকিদারসহ ২৬ জন পুলিশ কর্মকর্তাকেও পুরস্কৃত করা হয়।