বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপি ও জামায়াতের ৪৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অভিযোগ গঠন করেছে আদালত। গত রবিবার সন্ত্রাস দমন ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক মোহাম্মদ আবদুল হালীমের আদালতে এ অভিযোগ গঠন করা হয়। ২০১৫ সালে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলাটি দায়ের করা হয়েছিল।
অন্য আসামিদের মধ্যে রয়েছে—চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম, দলের যুগ্মমহাসচিব আসলাম চৌধুরী, দক্ষিণ জেলার সহসভাপতি মো. এনামুল হক, বিএনপির কেন্দ্রীয় সদস্য শামসুল আলম এবং জামায়াতের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীসহ বিএনপি-জামায়াতের ৪৫৩ নেতাকর্মী।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের বর্ষপূর্তিতে ২০১৫ সালে চট্টগ্রামের কাজীর দেউড়িস্থ মহানগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে সমাবেশ ডেকেছিল ২০ দলীয় জোট। ঐ দিন সভা চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন নেতাকর্মীরা।
