পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে. আব্দুল মোমেন বলেছেন, 'পৃথিবীর মধ্যে যে দুইটি দেশের দারিদ্র সবচেয়ে বেশি কমেছে তার মধ্যে একটি বাংলাদেশ।' সোমবার রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, 'গত ১০ বছরে বাংলাদেশের দারিদ্র অর্ধেকের নিচে নেমে এসেছে। শেখ হাসিনার সরকার আগামী ৫ বছরে অতি দারিদ্র শতকরা ৫ ভাগে নামিয়ে আনতে পারবে বলে আমি বিশ্বাস করি।'
পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন কৃষি ও শিক্ষা ক্ষেত্রে। তিনি কৃষি বিপ্লবের জন্য ২৫ বিঘা জমি পর্যন্ত খাজনা মাপ করে দেন। কৃষি বিপ্লব যখন সফলতার দোর গোঁড়ায় পৌঁছে যায় তখনই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। কিন্তু তারা বঙ্গবন্ধু আদর্শ ও চেতনাকে হত্যা করতে পারেনি। শেখ হাসিনার সরকার বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ফলে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি।'
আরও পড়ুন: হাজিদের সঙ্গে প্রতারণা মক্কা-মদিনাতেও
তিনি বলেন, 'বঙ্গবন্ধুর কন্যা তার পথ ধরেই সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য অগ্রসর হচ্ছেন। তাই বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি থেকে একটি সম্ভাবনাময় অর্থনীতি। এ বছর এশিয়ার ৪৫টি দেশের মধ্যে বাংলাদেশের প্রবৃদ্ধি সবচেয়ে বেশি। বঙ্গবন্ধু সাধারণ ও দরিদ্র মানুষকে খুবই ভালবাসতেন। বঙ্গবন্ধুর আদর্শের ছিটে ফোঁটাও যদি আমরা আমাদের জীবনে অর্জন করতে পারি তবে আমরা ধন্য হবো।'
বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধরী এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান ড. কাজী শহিদুল্লাহ বক্তৃতা করেন।
ইত্তেফাক/জেডএইচডি
