মিষ্টির প্যাকেট থেকে পিস্তল উদ্ধার

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১২:৪৩

র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার সন্ধ্যায় শিবগঞ্জের মাস্তান বাজার-মনাকষা সড়কের রসুনচক (দফাদার পাড়া) এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী সাহেব আলীকে (২২) গ্রেফতার করেছে। এসময় তার সঙ্গে থাকা মিষ্টির প্যাকেট থেকে আমেরিকায় তৈরি ৭.৬৫ মি.মি. পিস্তল, ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সে শিবগঞ্জের দুর্লভপুর গ্রামের মৃত সেন্টুর ছেলে। 

র‌্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে শিবগঞ্জের সীমান্তবর্তী এলাকার কতিপয় অবৈধ অস্ত্র ব্যবসায়ী পার্শ্ববর্তী দেশ ভারত হতে অস্ত্র চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে এনে বিভিন্ন স্থানে সরবরাহ করছে। এরই অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় উক্ত অভিযান পরিচালনা এবং অস্ত্র ব্যবসায়ী সাহেবকে হাতেনাতে গ্রেফতার করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহেব দীর্ঘদিন ধরে সীমান্তে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। আসামিকে আলামতসহ পুলিশে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত

মদসহ গ্রেফতার ১: অন্যদিকে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল সোমবার দিবাগত রাতে মহানগরীর বাজে সিলিন্দায় অভিযান চালিয়ে ১ হাজার ৯৮০ বোতল দেশি মদসহ গুলবর আলীকে (৪৪) গ্রেফতার করেছে। সে রাজশাহীর বাগমারা উপজেলার হাটমাধনগর গ্রামের আনছার আলীর ছেলে। এ ব্যাপারে নগরীর রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) ধারায় মামলা হয়েছে। তাকে আলামতসহ পুলিশে সোপর্দ করা হয়েছে।

ইত্তেফাক/আরকেজি