গণপিটুনিতে নিহত তাসলিমার পরিবারকে কোটি টাকা দিতে রুল

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১৭:১৫

রাজধানীর উত্তর বাড্ডায় গণপিটুনিতে তাসলিমা বেগম নিহত হওয়ার ঘটনায় এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান।

আগামী চার সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে গত ১৬ আগস্ট রাজধানীর উত্তর বাড্ডায় সন্তানকে স্কুলে ভর্তি করাতে গিয়ে গণপিটুনিতে তাসলিমা বেগম রেনু নিহত হওয়ার ঘটনায় এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট দায়ের করা হয়।

তাসলিমা বেগম রেনুর বোন নাজমুন নাহার নাজমা ও ভাতিজা সৈয়দ নাছির উদ্দিন এ রিট দায়ের করেন।

আরও পড়ুন: বিডার নতুন নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম

মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, তথ্য সচিব,পুলিশের আইজি, ডিএমপি কমিশনার ও বাড্ডা থানার ওসিকে রিটে বিবাদী করা হয়।

চলতি বছরে ২০ জুলাই সকালে রাজধানীর উত্তর-পূর্ব বাড্ডার বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘ছেলেধরা গুজবে’ তাসলিমা বেগম রেনুকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। 

ইত্তেফাক/কেকে