খুলনায় হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১৬:৩৩

খুলনায় ইসলাম খান (৪৫) হত্যা মামলায় আদালত চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছে। মঙ্গলবার দুপুরে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা তৃতীয় আদালতের বিচারক বুশরা সায়েদা এ রায় ঘোষণা করেন। হত্যার শিকার ইসলাম খান ফুলতলা উপজেলার দামোদর গ্রামের বাসিন্দা ছিলেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ইসলাম মোল্লা (৩৫), কামাল শেখ (৩৫), মোস্তফা শেখ ওরফে মোস্ত (৫৫) ও হাসান গাজী (৫৫)। আসামিরা সকলেই ফুলতলা উপজেলার দামোদর গ্রামের বাসিন্দা। দণ্ডপ্রাপ্ত প্রত্যেকে পলাতক রয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১০ সালের ১৭ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে আসামিরা পরিকল্পিতভাবে ইসলাম খানকে একই গ্রামের ইসলাম মোল্লার বাড়িতে ডেকে নেয়। সেখানে পূর্ব বিরোধের জের ধরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আসামিরা ইসলাম খানের ওপর চড়াও হয়।  এ সময় তারা তার বুকে ও মাথায় কিল, ঘুষি, চড়, থাপ্পড় ও লাথি মারে। এতে ইসলাম খান মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় ইসলাম খানকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় নিহতের বড় ভাই নজরুল খান বাদী হয়ে ওইদিনই ফুলতলা থানায় হত্যা মামলা দায়ের করেন। থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন তদন্ত শেষে ২০১০ সালের ১৪ নভেম্বর ৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এ মামলার বিচার শুরু হয়। আদালতে এ হত্যা মামলার শুনানী চলাকালে ১৭ জনের স্বাক্ষ্য গ্রহণ করা হয়। 

আরও পড়ুন: রাজধানীতে গাড়ির ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট এস এম সাজ্জাদ হোসেন। আসামি পক্ষে অ্যাডভোকেট কামরুল আহসান মামলাটি পরিচালনা করেন।

ইত্তেফাক/নূহু