গৌরীপুরে দশ লাখ টাকার মাছ মরে পুকুরে ভেসে উঠলো

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১৭:৪০

ময়মনসিংহের গৌরীপুরের একটি পুকুরে প্রায় দশ লাখ টাকা মূল্যের পাবদা মাছ মরে ভেসে উঠেছে। মঙ্গলবার সকালে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ এলাকায় মাছ চাষী হাবিবুর রহমানের পুকুরে এই ঘটনাটি ঘটেছে। আকস্মিক পুকুরে মাছ মারা যাওয়া মানসিক ভেঙে পড়েছেন মাছ চাষী হাবিবুর রহমান। তবে শত্রুতাবশত বিষ প্রয়োগ নাকি অন্য কোনো কারণে মাছের মৃত্যু হয়ে তা সঠিকভাবে বলতে পারছেন না তিনি।

জানা গেছে, অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ বাজারের প্রবেশপথের ব্রিজ সংলগ্ন এলাকায় হাবিবুর রহমানের এক একর জমির ওপর একটি পুকুর রয়েছে। তিন মাস আগে তিনি ওই পুকুরে প্রায় এক লাখ টাকা খরচ করে লক্ষাধিক পাবদা মাছের পোনা ছাড়েন। তিন মাস মাছের খাওয়া ও আনুষাঙ্গিক খরচ বাবদ আরো প্রায় চার লাখ খরচ হয়। মাছগুলো প্রায় দশ লাখ টাকায় বিক্রির উপযোগী ছিলো। সোমবার রাতে পুকুরে মাছের খাবার দিয়ে বাড়িতে চলে যান হাবিবুর রহমান। সকালে এসে দেখেন পুকুরে পানিতে হাজারো মৃত মাছ ভাসছে।

মঙ্গলবার দুপুরে হাবিবুর রহমানের ছেলে হারুন অর রশিদ বলেন, 'আমাদের দশ লাখ টাকার পাবদা মাছ মরে পানিতে ভাসছে। অনেকেই বলছে শত্রুতা বশত বিষ প্রয়োগে মাছের মৃত্যু হয়েছে। আমি পুকুরের পানি ও মাছের মৃতদেহ পরীক্ষা করার জন্য উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ে এসেছি। পরীক্ষার রির্পোট না পেয়ে এই মুহূর্তে কিছু বলতে পারছি না।'

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জান্নাত এ হুর বলেন, 'পুকুরের মাছ ও পানি আমাদের কাছে নিয়ে এসেছিল। পানির পিএইচ এবং অ্যামোনিয়া পরীক্ষা করে কোন অস্বাভাবিকতা পাওয়া যায়নি। তবে পানিতে বিষ দিয়েছে কি না তা আমাদের এখানে পরীক্ষা করার ব্যবস্থা নেই। এটা আইসিডিডিআরবিতে করাতে হবে।'

আরও পড়ুন: ওয়ান ফ্যামিলি লিসবনের গ্রীষ্মকালীন আনন্দভ্রমণ

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম মিয়া বলেন, 'মাছের মৃত্যুর বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'

ইত্তেফাক/নূহু