সিএনএনের নিউইয়র্ক অফিসে বোমাতঙ্ক

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ২২:৩৭

মার্কিন প্রভাবশালী মিডিয়া ক্যাবল নিউজ নেটওয়ার্কের (সিএনএন) নিউইয়র্ক অফিসে বোমাতংকের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে টেলিফোন একজন অফিসে বোমা থাকার কথা জানালে অফিস কর্তৃপক্ষ এবং পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। সবাইকে অফিস থেকে বের হওয়ার নির্দেশ দেওয়া হয়। গতকাল শুক্রবার সকালে সবাইকে আবার অফিসে ফিরে আসার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

সিএনএনের প্রেসিডেন্ট জেফ জাকার জানান, নিউইয়র্কে পুলিশ কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, ভয় কেটে গেছে। আর কোনো সমস্যা নেই। কর্মকর্তাদের অফিসে ফিরতে কোনো সমস্যা নেই। অফিস পুরোপুরি নিরাপদ হওয়ায় আমরাও নিরাপদবোধ করছি। তিনি পুলিশ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, কর্মকর্তারা সবাই পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। এজন্য তাদেরও ধন্যবাদ জানান জেফ জাকার।

আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার রাতে কেউ একজন ফোন করে জানায়, সিএনএন অফিসে পাঁচটি বোমা রাখা আছে। কোম্পানির নিরাপত্তা বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় ১০টার কিছু আগে ফোন করে বোমা থাকার কথা জানায়। এরপর কয়েকটি ফায়ার অ্যালার্ম বাজানো হয় এবং কর্মকর্তাদের বেরিয়ে যেতে বলা হয়। টাইম ওয়ার্নার সেন্টার ভবনে সিএনএনের অফিস অবস্থিত। যখন বোমার হুমকি আসে তখন ‘সিএনএন টুনাইট’ প্রোগ্রামের বিরতি চলছিল। বোমা হামলার হুমকির সঙ্গে সঙ্গে প্রচার বন্ধ করে দেওয়া হয়। এরপর প্রায় ৩০ মিনিট সমপ্রচার বন্ধ রাখা হয়। ওই সময় সবকিছু রেকর্ড করা হয়। পরে পুলিশের তদন্তের দৃশ্য প্রচারের মাধ্যমে কাজ শুরু হয়।