পাংশায় হত্যা মামলায় তিন আসামির যাবজ্জীবন

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১৯:৫৮

রাজবাড়ীর পাংশা উপজেলায় এক যুবক হত্যা মামলায় ৩ জন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাসুম কবির আদালতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের চরকুলটিয়া গ্রামের মৃত নুয়াই মন্ডলের ছেলে হুমায়ুন মন্ডল (৪০), একই গ্রামের মৃত আজাহার আলী মন্ডলের ছেলে ইউনুস আলী মন্ডল (৪০) এবং বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর গ্রামের আ. আজিজ শেখের ছেলে ফিরোজ শেখ (৪০)। 

রায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। 

সাজাপ্রাপ্ত তিন আসামির মধ্যে ইউনুস আলী মন্ডল পলাতক রয়েছেন। অন্য দুইজন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। 

আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু এবং আসামি পক্ষে জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাড. গণেশ নারায়ণ চৌধুরী মামলাটি পরিচালনা করেন। 

আরো পড়ুন: হাজিদের সঙ্গে প্রতারণা মক্কা-মদিনাতেও

মামলা সূত্রে জানা যায়, পাংশা পৌরসভাধীন নগরবাথান (দক্ষিণ কুমারীরাজ) এলাকার এক যুবক নাজমুল হককে (২৭) ২০০৮ সালের ১৮ই জুন রাতে কালুখালী উপজেলার চরকুলটিয়া গ্রামের ইউনুস আলী মন্ডলের বাড়িতে খুন করার পর লাশ গুম করা হয়। পরে তার লাশ উদ্ধার হয়। ওই ঘটনায় নাজমুল হকের পিতা জহুরুল হক বাদী হয়ে পাংশা থানায় ১টি মামলা দায়ের করেন।

ইত্তেফাক/এমআই