সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাসী বাজারের গুরুত্বপূর্ণ এলাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়। বেশ কয়েক জায়গায় জমে যায় হাঁটুপানি। এতে স্কুল-কলেজগামী ছাত্রছাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। গ্রামপাঙ্গাসী রাস্তা নামে পরিচিত হাটপাঙ্গাসী বাজার চৌরাস্তা, রিপন স্টোরের সামনে জলাবদ্ধতা প্রকট হয়ে ওঠে। ফলে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন পাঙ্গাসী ইউনিয়নবাসী। ব্যস্ত সড়কটি দিয়ে প্রতিনিয়ত অসংখ্য মানুষ ও ভ্যান রিকশাসহ যানবাহন চলাচল করে। বৃষ্টি হলেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। জানা যায়, বাজারের বেশ কিছু জায়গায় পানি নিষ্কাশনের জন্য কোনো ড্রেন না থাকায় এমনটি হয়েছে। অতএব গ্রামপাঙ্গাসী রাস্তার সংস্কারসহ জায়গায় জায়গায় জলাবদ্ধতা দূর করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. মোকাদ্দেস হোসাইন সোহান
গ্রামপাঙ্গাসী চানপাড়া, বোয়ালিয়ারচর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ
