রেকর্ডের হাতছানিতে থাকা সেরেনা উইলিয়ামস ইউএস ওপেনে মারিয়া শারাপোভাকে সরাসরি সেটে হারিয়ে উঠে গেছেন দ্বিতীয় রাউন্ডে। পুরুষ এককে রজার ফেদেরার ভারতীয় খেলোয়াড় সুমিত নাগালের বিপক্ষে প্রথম সেটে পিছিয়ে পড়লেও জয় পেতে সমস্যা হয়নি। দিনের অন্য ম্যাচে প্রত্যাশিত জয় নিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন শিরোপাধারী ও শীর্ষ বাছাই নোভাক জকোভিচও।
শারাপোভার মুখোমুখি শেষ ১৮ ম্যাচেই জয় নিয়ে কোর্ট ছেড়েছিলেন সেরেনা। তারপরও আর্থার অ্যাশ স্টেডিয়ামের দুজনের লড়াই নিয়ে জল্পনার শেষ ছিল না। বিশ্বের এক নম্বর নারী টেনিস তারকা নাওমি ওসাকা জানিয়ে রেখেছিলেন ম্যাচটা দেখতে মুঠোফোনে ‘রিমাইন্ডার’ দিয়ে রাখবেন। ম্যাচটা দেখার সুযোগ হেলায় হারাবেন না জানিয়েছিলেন ফেদেরারও।
বাস্তবে সেরেনা-শারাপোভার গতকাল মঙ্গলবারের এই দ্বৈরথে মোটেও তীব্রতা ছিল না। মাত্র ৫৯ মিনিটে সমাপ্তি ঘটে ম্যাচটির। রেকর্ড ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের সমকক্ষ হতে চেষ্টা চালিয়ে যাওয়া ৩৭ বছর বয়সি সেরেনা ৬-১, ৬-১ গেমে হারান বছর পাঁচেকের ছোট রুশ টেনিস তারকাকে। জয়ের পর সেরেনা জানান, ড্রয়ের পর থেকেই তিনি জানতেন ম্যাচটা মোটেও সহজ হতে যাচ্ছে না তার জন্য।
সেরেনা বলেন, ‘অবশ্যই আমি জানতাম এটা কঠিন হতে যাচ্ছে। কেননা আমি এমন একজন খেলোয়াড়ের মুখোমুখি হতে যাচ্ছি যে কী না পাঁচটা গ্র্যান্ড স্ল্যাম জিতেছে এবং এরচেয়েও বেশিবার ফাইনাল খেলেছে। আর তাই আমি দারুণ তীব্রতা নিয়ে খেলেছি এবং বেশ মনোযোগী থাকতে চেষ্টা করেছি কেননা এটা খুবই কঠিন একটা ড্র।’
শারাপোভার বিপক্ষে ম্যাচে সবসময়ই নিজের সেরাটা ঢেলে দেয়ার চেষ্টা করেন বলে জানান সেরেনা। তিনি বলেন, ‘যখনই আমি তার মুখোমুখি হই, নিজের সেরা খেলাটাই দেই আমি।’ এই জয় সেরেনাকে স্বদেশি ক্যাটি ম্যাকন্যালির মুখোমুখি এনে দাঁড় করিয়েছে। আজ বুধবার সকালে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবেন দুজন।
এ জয়ে ইউএস ওপেনে ভালোভাবেই প্রত্যাবর্তন করলেন অষ্টম বাছাই সেরেনা। কেননা গেল বছরের ফাইনালে নাওমি ওসাকার কাছে হারের সময় আম্পায়ারের বিতণ্ডায় জড়িয়ে ছিলেন তিনি।
পুরুষ এককে সাবেক বিশ্বসেরা ফেদেরারের সামনেও ছিল প্রথম রাউন্ডেই বিদায় নেবার শঙ্কা। ভারতীয় টেনিস খেলোয়াড় সুমিত নাগালের বিপক্ষে শুরুর সেটে ৬-৪ গেমে হেরেই বসেছিলেন তিনি। তবে পরের তিন সেটে যথাক্রমে ৬-১, ৬-২ ও ৬-৪ গেমে জিতে ক্যারিয়ারের ২১তম গ্র্যান্ড স্ল্যাম জেতার কক্ষপথেই থাকলেন সুইস এই তারকা। দ্বিতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ বসনিয়া-হার্জেগোভিনার খেলোয়াড় দামির জমহুর।
এদিকে স্প্যানিশ প্রতিপক্ষ রবার্তো কারবায়েসকে ৬-৪, ৬-১, ৬-৪ গেমে হারিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে উঠে গেছেন নোভাক জকোভিচও। দ্বিতীয় রাউন্ডে আজ আর্জেন্টাইন হুয়ান লন্দেরোর মুখোমুখি হবেন তিনি।
